পাবনার ভাঙ্গুড়ায় বিনাভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন সরকার মোফাজ্জল হোসেন মজনু। তিনি তৃতীয় বারের মতো ভাঙ্গুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের আগে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবদুর রহিম মারা যান। ফলে এ ওয়ার্ডটির নির্বাচন স্থগিত হয়ে যায়। আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণের দিন নির্ধারণ করে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে সরকার মোফাজ্জল হোসেন মজনু ও হাসিনুর রহমান মনোনয়নপত্র জমা দেন। কিন্তু গত মঙ্গলবার ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসিনুর রহমান তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। ফলে নিয়ম অনুযায়ী বুধবার রিটার্নিং কর্মকর্তা সরকার মোফাজ্জল হোসেন মজনুকে একক প্রার্থী হিসেবে তাঁকে বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেন।
এব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান বলেন, গত মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে একজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার চেয়ে আবেদন করলে তা গ্রহণ করা হয়। নির্বাচনে আর কোন প্রার্থী না থাকায় নিয়ম অনুযায়ী সরকার মোফাজ্জল হোসেন মজনু কে বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।