একপাশে বড়াল অন্যপাশে ইছামতি নদী। মাঝখানে বেড়া নৌ বন্দর। বর্ষার সময় দুই নদীতেই জল থাকে। বর্ষার জলে চারদিকে থৈ থৈ করে। বড়ালের একল ও কুল দেখা যায় না। মাঝে মাঝে আবছা মতন দু’একটা গ্রাম তারপর আবার জলরাশি। সন্ধ্যা হলেই সেসব গ্রামে অল্প অল্প আলো দেখা যায়। নৌবন্দরের রাস্তার দুধারে সারি সারি গাছ প্রকৃতিকে নিজ হাতে সাজিয়েছে। এ অপূর্ব দৃশ্য দেখে যে কারও মন ভরে যাবে। তাই দূর দূরান্ত থেকে এখানে কিছুটা সময় বিশ্রাম নিতে প্রতিদিন মানুষের ভিড় লেগেই থাকে। দুই ঈদ আর পূজায় মানুষের ঢল নামে। তখন পায়ে হাঁটার জায়গাও থাকে না। পাশেই বেড়া মডেল থানার অবস্থান হওয়াতে নিরাপত্তা নিশ্চিত থাকে। পুলিশের সার্বক্ষণিক নজর থাকে এখানে।
দল বেধে বেড়ানো, গল্প করা, সেলফি তোলা থেকে শুরু করে রয়েছে বড়ালের বুকে নৌকা ভ্রমণের সুযোগ। অন্য সময়ের চেয়ে ঘন্টা প্রতি ভাড়ার টাকা একটু বেশি গুণতে হয় উৎসবের সময়গুলোতে। নৌকার মাঝিরাও এ সময়ের জন্যই যেন অপেক্ষা করে থাকে। তবে বর্ষার শুরুতেই তাদের চাহিদা বাড়তে থাকে। সারা বছর অন্য কাজ করলেও এ সময় নৌকা চালিয়েই সংসার চালায়।
তবে গত বছর করোনা শুরু হওয়ার পর থেকে সেই চিত্রে আসে পরিবর্তন। মানুষও ঘরবন্দি হয়ে পরে। বিকেলে বড়ালে তীরে অপেক্ষারত নৌকাগুলোকেই আর দেখা যায় না। করোনায় জনসমাগম নিষিদ্ধ থাকায় থেমে যায় প্রাণচাঞ্চল্য। তবে এখন করোনার সংক্রমণ কমতে থাকায় এবং সবকিছু আবার শুরু হওয়ায় বেড়া নৌ বন্দরেও বেড়েছে মানুষের উপস্থিতি। বেড়া ও এর পাশর্^বর্তী উপজেলা থেকে শুক্রবারে অবসর কাটানোর জন্য আসছে অনেকেই। ফুচকা,চটপটি,ঝালমুড়ি,কোল্ড ড্রিংকস সহ নানা রকম খাদ্যের পসরার সাথে সাথে শিশুদের খেলনার দোকানও রয়েছে। রয়েছে শিশুদের বিনোদনের উপকরণ নাগরদোলা। সবকিছু মিলিয়ে বেড়া নৌ বন্দর এখন যেন এক মিনি পর্যটন কেন্দ্র। দীর্ঘদিন স্তব্ধ থাকার পর যেন প্রাণ ফিরে পেয়েছে বেড়া নৌ বন্দর।