পাবনার চাটমোহরে মাদকবিরোধী অভিযান চালিয়ে থানা পুলিশ গাঁজা ও ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে। শনিবার সন্ধ্যায় ও রাতে পৃথক দুইটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে,গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাটমোহর পৌর শহরের দোলবেদীতলা এলাকায় গ্লোবাল কম্পিউটার নামক একটি দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় দোকানে থাকা ৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। আটক করা হয় দোকান মালিক দোলং মহল্লার মাসুদ আলীর ছেলে আনোয়ার পারভেজ জনি (৩৮) ও তার সহযোগি ছাইকোলা গ্রামের ময়নুল হকের ছেলে ইমদাদুল হক পাভেল (৩২) কে।
অপরদিকে থানার ইন্সপেক্টর (তদন্ত) হাসান বাশির ও এসআই সুব্রত ঘোষ শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক ব্যবসায়ী ওই গ্রামের আ: রউফের ছেলে আনিসুর রহমান আনিসের বাড়ি থেকে ৫৩০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটক করা হয় আনিস (৪০)কে।
থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন জানান,আটককৃতরা চিহ্নিত মাদকদ্রব্য ব্যবসায়ী। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসকল মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। এ অভিযান অব্যাহত থাকবে।