পাবনার সুজানগরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুইজন শিশুসহ তিনজন আহত হয়েছে। শনিবার সন্ধ্যা রাতে উপজেলার কামার দুলিয়া গ্রামে ঐ ঘটনা ঘটে। আহতরা হলো ঐ গ্রামের জালাল শেখের ছেলে আলাউদ্দিন শেখ (৪০), তার মেয়ে মিম খাতুন (১৩) ও বাদশা মৃধার ছেলে রিয়াদ (১৩)। এদের মধ্যে ওই আলাউদ্দিনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং মিম ও রিয়াদকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সুজানগর থানার ডিউটি কর্মকর্তা ইয়াছিন আলী এলাকাবাসীর বরাত দিয়ে জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একই গ্রামের বক্কার মৃধার দোকান সংলগ্ন একটি মাচানের উপর পায়খানা করাকে কেন্দ্র করে ওই আলাউদ্দিন এবং তার প্রতিবেশি মোকাদ্দেস আলী মকু মৃধার ছেলে ইমরানের মধ্যে বাগ্বিত-া হয়। একপর্যায়ে ইমরান ও তার লোকজন উত্তেজিত হয়ে আলাউদ্দিনকে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকারে মিম ও রিয়াদ এগিয়ে আসলে তারা তাদেরও ছুরিকাঘাত করে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ হয়েছে বলে থানার ইন্সপেক্টর (তদন্ত) আবদুল কদ্দুস জানান।