দিনাজপুরের কাহারোল উপজেলার বিভিন্ন হাট বাজারে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে যত্রতত্র বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার। নেই বিস্ফোরক লাইন্সেস, অগ্নিনির্বাপক ব্যবস্থাও। নিয়ম অনুযায়ী এল.পি গ্যাস ব্যবহার বিপনন বাজারজাত করতে হলে ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীকে বিস্ফোরক অধিদপ্তরের লাইন্সেস ও অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার বাধ্যতামূলক সংরক্ষণ করার কথা থাকলেও কেউ নিয়ম মানছে না। প্রশাসনের নেই কোন নজরদারী।
দেখা গেছে, কাহারোল উপজেলার সদরে আমতলা মোড়, দশমাইল মোড়, সিনেমাহল রোড, কদমতলাসহ উপজেলার বগদইর হাট, কামড়হাট, মুটুনীহাট, জয়নন্দহাট, রামপুর মোড়, দশমাইল, ১৩মাইল গড়েয়াহাট সহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ীরা রাস্তার উপর সারি বদ্ধভাবে দাড় করে রেখেছেন গ্যাস সিলিন্ডার। উপজেলার আবাসিক এলাকাগুলোতে গোডাউনে মজুদ করে রাখা হচ্ছে গ্যাস ভর্তি সিলিন্ডার। বেশীর ভাগ ব্যবসায়ী নেই এল.পি গ্যাস বিক্রির বৈধ লাইন্সেস। নেই অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার। এতে যেকোন মুহুর্তে সিলিন্ডার বিস্ফোরনের বড় দুর্ঘাটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব বন্ধের আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
দোকানী ও ব্যবসায়ীরা বলছেন, তাদের প্রতিষ্ঠানে ট্রেড লাইন্সেস রয়েছে। তবে অনেকেই হয়তো ট্রেড লাইন্সেস করেছেন মুদি দোকান, চায়ের দোকান, ইলেট্রিক্যাল সামগ্রী বিক্রির জন্য। সেই লাইন্সেসে এল.পি গ্যাস, পেট্রোল ও ডিজেল বিক্রি করছেন।
কাহারোল ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ফজলুল করিম জানান, লাইন্সেস ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির নিয়ম নেই। যারা এইসব বিক্রি করছেন, তাদের সর্তক করেও কোন লাভ হয়নাই। কেউ নিয়ম মানতে চান না। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবেন তিনি।
কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান বলেন, যেখানে সেখানে পেট্রোল, ডিজেল আর এল.পি.জি বিক্রি করা ঠিক না। এতে দূর্ঘটনার আশঙ্কা থাকে। যারা এই নিয়ম বহির্ভুত ভাবে এ ব্যভসা করবেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।