বিরল পৌরশহরের বিরল বাজার জামে মসজিদে ঢাকা থেকে তাবলীগ জামাতের নামে আসা জঙ্গী সন্দেহে আটক ৩ জনের নামে মামলা দায়ের হয়েছে। তাঁদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। ১৭ জনের মধ্যে ১৪ জনকে মুচলিকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিরল থানার কর্মকর্তা ইনচার্জ ফখরুল ইসলাম জানান, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মধুপুর দলপাড়া গ্রামের রফিকুল ইসামের ছেলে ওয়াহেদুজ্জামান (২৫), একই জেলার কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রামের জামাল উদ্দীনের ছেলে মনিরুল ইসলাম (২২) ও নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার নতুনপাড়া গ্রামের আবদুস সামাদের ছেলে সজল ওরফে সাব্বির (৩০) এর নিকট হতে বিভিন্ন প্রকার লিফলেট ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, খ্রীষ্টানদের ধর্মান্তরিত, সরকার বিরোধী কার্যক্রম পরিচালনা করাসহ লিফলেট ও জিহাদী বই বিতরণ করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বিরল বাজার জামে মসজিদে আগত তাবলীগ জামাতের ১৭ জন ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এর মধ্যে ৩ জনের নিকট থেকে আমরা বিভিন্ন প্রকার লিফলেট, জিহাদী বই উদ্ধার করি ও সরকার বিরোধী কার্যক্রম পরিচালনা করার প্রাথমিকভাবে প্রমাণ পাই। বাকী ১৪ জনের ব্যাপারে যাচাই-বাছাই করে তাঁদের নিকট থেকে মুচলিকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে শুক্রবার রাতে আটককৃত ৩জনের নাম উল্লেখ করে বিরল থানার এসআই নাজমুল হুদা বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় একটি মামলা দায়ের করেছে। বিরল থানার মামলা নং ১১। আটককৃতদের শনিবার সকালে দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।