রংপুর মেট্রোপলিটন পুলিশের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সংবাদ সম্মেলন হয়েছে। বুধবার দুপুরে নগরীর পুলিশ কমিউনিটি মিলনায়তনে বিগত এক বছরে মেট্রোপলিটন পুলিশের নানামূখী কার্যক্রম তুলে ধরে পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বলেন, বিগত এক বছরে রংপুর মেট্রোপলিটন পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানামূখী কাজ বাস্তবায়ণ করেছে। করোনাকালীন মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মেট্রোপুলিশ। নগরীতে অপরাধ কমাতে পুলিশী টহল জোরদার করা, কমিউনিটি পুলিশিং কার্যক্রম সক্রিয় করা এবং বিটপুলিশিং চালু করা হয়েছে। রংপুর নগরীতে যানজট কমাতে বিভিন্ন রাস্তায় ট্রাফিকিং কার্যক্রম জোরদার করা, আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, বিগত এক বছরে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬টি থানায় মোট ১ হাজার ৭৪৪টি মামলা হয়েছে। এর মধ্যে শতকরা ৮২ ভাগ মামলা পুলিশের পক্ষ থেকে নিস্পত্তি হয়েছে। আমরা মামলার পরিসংখ্যান থেকে জানতে পেরেছি মামলার শতকরা ৫০ ভাগ মামলা মাদকের। বিগত এক বছরে রংপুর নগরীর বিভিন্ন এলাকা থেকে ৫৪ লাখ ৪০ হাজার ৬৭০ টাকা মূল্যের মাদক উদ্ধার করা হয়েছে। এছাড়া নগরীকে সিসিটিভির আওতায় আনা, যানজট নিরসরে ডিজিটাল ট্রাফিকিং ব্যবস্থাসহ আইন শৃঙ্খলা রক্ষায় নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। বিগত এক বছরে আইন অমান্য করে পরিবহন চালানোর অপরাধে যানবাহনের বিরুদ্ধে মামলা করে প্রায় ৬ কোটি টাকা আদায় করা হয়েছে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মেহেদুল করিমের সভাপতিত্বে উন্মুক্ত আলোচনা অংশ নেন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, প্রেসক্লাব সভাপতি মাহবুব রহমান, সাধারণ সম্পাদক রফিক সরকার, সাংবাদিক লিয়াকত আলী বাদল, মেরিনা লাভলী, সিদ্দিকুর রহমান, মমিনুল ইসলাম রিপন সহ অন্যরা।