রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী বাস রোড ডিভাইডারে উঠে গেছে। এতে কোনো প্রাণহানীর ঘটনা ঘটেনি। ঘটনাটি মঙ্গলবার বিকেল ৪টা ২০মিনিটের দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের ইকরচালী বাজারের ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুর ডিপো থেকে পঞ্চগড়ের দেবীগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে বিআরটিসির বাসটি ছেড়ে আসে। রংপুর-দিনাজপুর মহাসড়কের ইকরচালী বাজারের কাছে আসলে হঠাৎ বাসটি ডিভাইডারের উঠে যায়। স্থানীয় লোকজন বাসে থাকা যাত্রীদের উদ্ধার করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হতাহত না হওয়ায় যাত্রীরা তাদের মালামাল নিয়ে অন্য বাসে করে গন্তব্যে ফিরে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে সাড়ে ৪টার দিকে ছুটে আসে তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ। বিআরটিসির বাসটি উদ্ধারে কাজ শুরু করেন। জানতে চাইলে তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি নুরনবী প্রধান বলেন, এ ঘটনায় কারও প্রাণহানীর ঘটনা ঘটেনি। বাসটি উদ্ধারে পুলিশের একটি দল কাজ করছেন। উদ্ধারের পর বাসটি থানায় নেওয়া হবে। কেউ অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।