সোমবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট কার্পেটিং জুট মিল সংলগ্ন এলাকায় বোমা বিস্ফোরণে শপ্পা (৩৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বোমা বানানোর সময় এ বিস্ফোরণ হয়েছে বলে জানা যায়।
শপ্পার পরিবার ও প্রতিবেশীরা জানান, মধ্যরাতে শপ্পার ঘরে বিকট শব্দে কিছু বিস্ফোরিত হয়। এ সময় রক্তাক্ত অবস্থায় শপ্পাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই রাতেই শপ্পাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক।
হাসপাতাল সূত্রে জানা যায়, আহত শপ্পা নামে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বোমার স্প্রিন্টারে তার চোখ, মুখসহ শরীরের সামনের অংশে ক্ষতের সৃষ্টি হয়েছে। এ ছাড়া তার শ্বাসনালীও ক্ষতিগ্রস্থ হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান জানান, নিজ ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণে ওই যুবক আহত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় আহত শপ্পার ঘর থেকে ছয়টি রামদা ও বিস্ফোরিত বোমার স্প্রিন্টার জব্দ করা হয়েছে।