আগামী ২০ সেপ্টেম্বরের ইউপি নির্বাচনকে সামনে রেখে দাকোপের দু’টি ইউনিয়নে নৌকা ও আনারস সমর্থকদের মাঝে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। পৃথক দু’টি ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দাখিল করা হয়েছে। নিরুত্তাপ নির্বাচনে ক্রমেই মিলছে উত্তেজনার আভাষ।
১ নং পানখালী ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ সাব্বির আহম্মেদের আনারস প্রতীকের সমর্থক লক্ষিখোলা গ্রামের মফিদুল শেখ থানায় দাখিলকৃত লিখিত অভিযোগে দাবী করেছে, ১১ সেপ্টেম্বর বেলা ২ টার দিকে কাটাবুনিয়া এলাকায় আনারসের পক্ষে ভোট প্রার্থনা কালে নৌকার সমর্থক হাফিজ শেখ, মইন শেখ, বজলে গাজী ও সেলিম শেখ তাকে বাধা দেয়। বাকবিতন্ডতার একপর্যায়ে তারা মফিদুল শেখকে বেধড়ক মারপিট করে। ফলে রক্তাত্ব জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হলে তার মুখে ৩টি সেলাই দিতে হয়। এ ব্যাপারে নৌকার প্রার্থী শেখ আবদুল কাদের বলেন, আমার কোন লোক এমন ঘটনার সাথে জড়িত না। প্রতিপক্ষ পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নিজেরাই ঘটনা সৃষ্টি করে ভিত্তিহীন অভিযোগ করছে। অপর দিকে ২ নং দাকোপ ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সঞ্চয় মোড়লের আনারস প্রতীকের সমর্থক মাদিয়ার চক গ্রামের বিপ্রদাস মন্ডল ও নৃপেন রায়কে রোববার দিবাগত রাত ১১ টার দিকে নৌকা সমর্থকরা হামলা করেছে মর্মে অভিযোগ করা হয়। নৌকা সমর্থক প্রনব মৃধা, সনজিত রায়, খগেন্দ্রনাথ গাইন, সঞ্জয় মন্ডল, তরুন ঘরামী, শ্যামল বাইন, কিশোর মন্ডল, পলাশ বর্মন ও গৌরাঙ্গ ঘরামীর নেতৃত্বে দাকোপ সিএমবি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় তাদের পথরোধ করে বেধড়ক মারপিট ও মালামাল ছিনতাই করা হয়েছে মর্মে উল্লেখিতদের নামে বিপ্রদাস মন্ডল বাদী হয়ে দাকোপ থানায় এজাহার দাখিল করেছে। এ ব্যাপারে নৌকার প্রার্থী বিনয় কৃষ্ণ রায় মারপিটের কোন ঘটনা ঘটেনি দাবী করে বলেন, সংশ্লিষ্ট এলাকায় আমি নৌকার অফিস উদ্বোধনে যায়। এ সময় তারা আমার অফিসের পিছনে রাতের আঁধারে অবস্থান করছিল। বিষয়টি আঁচ করতে পেরে আমার কর্মিরা ধাওয়া করলে তারা পালিয়ে যায়। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, আনারসের কর্মী সমর্থকরা আমার এবং আমার কর্মী সমর্থকদের প্রতি নিয়ত হুমকি ধামকি ও হামলা মামলার ভয় দেখাচ্ছে। যে কারণে সোমবার আমি নিজে বাদী হয়ে তাদের ৪ জনের নামে দাকোপ থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। উল্লিখিত বিষয়ে জানতে চাইলে দাকোপ থানার কর্মকর্তা ইনচার্জ শেখ সেকেন্দার অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয় গুলি তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।