পাবনার সুজানগরের হাট-বাজারে মাত্রাতিরিক্ত চড়া দামে হাঁস-মুরগীর ডিম বিক্রি হচ্ছে। এতে নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের মানুষ ডিম কিনতে হিমশিম খাচ্ছে।
সরেজমিন খোঁজ-খবর নিয়ে জানা যায় গত এক সপ্তাহ আগেও উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতি হালি মুরগীর ডিম ৩০টাকা এবং প্রতি হালি হাঁসের ডিম ৪০ টাকা দরে বিক্রি হয়েছে। কিন্তু মাত্র এক সপ্তাহের ব্যবধানে পৌর বাজারসহ বেশিরভাগ হাট-বাজারে প্রতি হালি মুরগীর ডিম ৩৫টাকা এবং প্রতি হালি হাঁসের ডিম৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। উপজেলার মানিকদীর গ্রামের ভ্যান চালক আবদুল লতিফ বলেন আমরা গরীব মানুষ মাছ কিনতে পারিনা। বেশিরভাগ সময় ডিম কিনে থাকি। কিন্তু বর্তমান বাজারে ডিম কেনাও আমাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। একই এলাকার ভুক্তভোগী ক্রেতা জয়নাল হোসেন বলেন হাট-বাজারে পর্যাপ্ত ডিমের আমদানি রয়েছে। ইচ্ছে করলে ডিম ব্যবসায়ীরা একটু কমদামে বিক্রি করতে পারেন। কিন্তু তারা অধিক মুনাফা লাভের আশায় চড়া দামে বিক্রি করছেন। তবে ডিম ব্যবসায়ীরা বলেন হাঁস ও মুরগীর ফার্ম মালিকরা আগের চেয়ে ডিমের দাম বাড়িয়ে দিয়েছে। সেকারণে চড়াদামে বিক্রি করতে হচ্ছে।