খুলনার পাইকগাছায় জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। জানা যায়, উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি গ্রামের মিনতি রাণী বিশ্বাসের চায়ের দোকানটি দীর্ঘদিন ধরে জুয়া খেলার আস্তানা হিসাবে ব্যবহার করা হচ্ছে এমন খবর পেয়ে রোববার রাত এগারোটার দিকে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আলতাফ হোসেন তার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে তারা মটবাটির প্রভাত বিশ্বাসের ছেলে নিশীথ বিশ্বাস (৩১) কে গাঁজাসহ হাতেনাতে আটক করেন। নিশীথ বিশ্বাস দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসায়ের সাথে জড়িত বলে জানা যায়। এ ছাড়া ওই জুয়ার আস্তানায় বসে আড্ডা দেওয়ার সময় আরও আটজনকে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গাঁজাসহ আটক হওয়ার অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিশীথ বিশ্বাসকে ছয় মাসের বিনাশ্রম কারান্ড প্রদান করেন এবং দোকানে জুয়ার আস্তানা বসানোর অপরাধে প্রকাশ্য জুয়া আইনে মিনতি রাণী বিশ্বাস (৫৫) কে অর্থদন্ড প্রদান করেন। পরে কারাদ-প্রাপ্ত নিশীথ বিশ্বাসকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং অন্যান্যের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।