পাবনার চাটমোহর উপজেলার চড়ইকোল হাইস্কুলের ৩ শিক্ষার্থীতে মারপিট করে আহত করেছে একই স্কুলের বখাটে ২ শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে স্কুল খোলার প্রথম দিন রোববার দুপুর ১২টার দিকে। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র ওই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে চাটমোহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে,স্কুলের ১০ শ্রেণীর শিক্ষার্থী চড়ইকোল গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে সিমান্ত বুলবুল ও আলহাজ হোসেনের ছেলে আশিকুর রহমান আশিক পূর্ব বিরোধের জের ধরে সোমবার দুপুর ১২টার দিকে একই স্কুলের একই শ্রেণীর শিক্ষার্থী নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার গারফা গ্রামের আরিফ হোসেনের ছেলে মেহেদী হাসান সাব্বির (১৬),ছানোয়ার হোসেনের ছেলে সাকিব হোসেন (১৬) ও নাহিরপুর গ্রামের আ. হকের ছেলে আতিকুর রহমান (১৬) কে কাঠের বাটাম দিয়ে এলোপাথারী মারপিট করে আহত করে। এ সময় তাদের চিৎকারে স্কুলের অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষক এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। ইতোপূর্বেও এই ২ বখাটে এক স্কুল ছাত্রীকে লাঞ্ছিত করেছিল। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র ওই ২ ছাত্রের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে চাটমোহর থানার কর্মকর্তা ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন জানান,অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।