খুলনার কয়রায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এতে দুই পুলিশ সদস্যসহ তিন জন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার আমাদি ইউনিয়নের হরিনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাহিন নামে একজনকে আটক করেছে পুলিশ। আহত পুলিশ সদস্য হলেন, উপপরিদর্শক এব্রাহিম হোসেন ও কনস্টেবল নাঈম। এ সময় দুর্বৃত্তদের হামলায় আবু সাঈদ সানা (৫৫) নামে এক ব্যাক্তি গুরুতর আহত হয়েছেন। কয়রা থানা পুলিশের আমাদি ক্যাম্প ইনচার্জ এব্রাহিম হোসেন জানান, উপজেলার হরিনগর গ্রামে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্সের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইন শ্ঙ্খৃলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। এ সময় হানিফ চৌকিদারের নেতৃত্বে অর্ধ শতাধিক পুরুষ ও মহিলা লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা করে। এ সময় তাদের হামলায় পুলিশের ৬ সদস্য আহত হয়। এর মধ্যে দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কয়রা থানার ওসি রবিউল হোসেন বলেন, উপজেলার হরিনগর গ্রামে একটি জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। খবর পেয়ে সেখানে থানা থেকে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।