১৮ মাস পর খোলা হলো শিক্ষাপ্রতিষ্ঠানের তালা। রোববার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা থেকেই অভিভাবকেরা শিক্ষার্থীদের নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসা শুরু করেন। বছরের প্রথম দিনের মতোই শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হলো শিক্ষাপ্রতিষ্ঠানে। স্কুলে যাবার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের ছিল নানা প্রস্তুতি। শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পাবনার চাটমোহর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে একটি বেঞ্চে একজন শিক্ষার্থী বসার নির্দেশনা জারি করা হলেও,তা মানা হয়নি অধিকাংশ স্কুলে। একটি বেঞ্চে ৩ জনকেও বসানো হয়। নন-মেডিকেল থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরিমাপ করে শিক্ষার্থীদের স্কুলে প্রবেশ করানো হয়েছে। কোথাও আবার শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ করেছে। দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা। সবার মনে ছিল উৎসবের আমেজ।
শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সবাই আনন্দ নিয়ে প্রতিষ্ঠানে আসেন। এ এক অন্যরকম অনুভূতি। দেড় বছর বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত। অনেকের আবারো নতুন ক্লাসে প্রথমবার আসা।
চাটমোহর ডিএ জয়েন উদ্দিন স্কুলের সামনে উপস্থিত অভিভাবকেরা তাঁদের সন্তানদের স্কুলে প্রবেশ করিয়ে নানা গল্পে মশগুল হয়ে পড়েন। খোঁজ খবর নেন পরিবার পরিজনের।
করোনাভাইরাসের কারণে দীর্ঘ ১৮ মাস পরে সারাদেশের ন্যায় চাটমোহর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও খুলে গেছে। শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
সরেজমিনে দেখা গেছে,উপজেলায় স্কুল খোলার আনন্দে সকাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে শুরু করে শিক্ষার্থীরা। এতদিন পরে স্কুলে আসতে পেরে তাঁদের আনন্দের যেন শেষ নেই। তবে নিজ নিজ স্কুল প্রধানেরা প্রাইমারি বিদ্যালয়ে পঞ্চম ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী,মাধ্যমিক বিদ্যালয়ে দশম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা ছাড়া অন্য সব শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেন। এতে বিষন্ন মন নিয়ে শিক্ষার্থীরা বাড়িতে ফিরে যান। শিক্ষার্থীরা আক্ষেপ করে বলেন,এত দিন পরে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও সবাই একসঙ্গে ক্লাস করতে পারছি না। তবে আর যেন স্কুল বন্ধ না হয়।
খতবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আনন্দে সকাল থেকে স্কুলের সকল শিক্ষার্থীরা আসতে শুরু করে। তবে,পঞ্চম শ্রেণি ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছাড়া অন্য শ্রেণির শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পর্যায়ক্রমে তাদের স্কুলে আসতে হবে।
চাটমোহর সরকারি আরসিএন এ- বিএসএন পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আ: ছালাম বললেন,স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতিতে ভালো লাগছে। আমরা স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছি।
আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিনুল ইসলাম বললেন,সরকারি নির্দেশনা মোতাবেক শতভাগ মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনেই আমরা ক্লাস চালু করেছি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান জানালেন,আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ক্লাস চালু করার জন্য সকল প্রধান শিক্ষককে বলেছি। বেশ কিছু প্রতিষ্ঠান পরিদর্শন করেছি। মাস্ক ব্যবহার,থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরিমাপ ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হয়েছে।