মহামারী করোনার প্রাদুর্ভাব কমে যাওয়ায় পাবনার সুজানগরে পদ্মা নদী ভ্রমণে মেতেছেন স্থানীয় পর্যটকরা। বিশেষ করে শুক্র ও শনিবার ছটির দিন উপজেলার শত শত ভ্রমণ পিপাসু নারী-পুরুষ পর্যটক উপজেলার মানিকহাট ইউনিয়নের রাইপুর এবং সাতবাড়ীয়া ইউনিয়নের নারুহাটি কাঞ্চন পার্ক এলাকার পদ্মা নদীতে নৌকাযোগে আনন্দ ভ্রমণ করছেন। সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম বলেন বিকাল ৪টা থেকে উপজেলার শত শত নারী-পুরুষ পর্যটক মাইক্রোবাস, সিএনজি এবং মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনযোগে পদ্মা নদীর ঐ দু’টি পয়েন্টে এসে আনন্দ ভ্রমণ করেন। এদের মধ্যে কেউ ইঞ্জিন চালিত নৌকা আবার কেউবা স্পিডবোট ভাড়া করে পদ্মা নদীতে আনন্দ ভ্রমণ করেন। এ আনন্দ ভ্রমণ যেন কক্সবাজার এবং রাঙ্গামাটির নৈসর্গিক সৌন্দর্য উপভোগের আনন্দকে ম্লান করে দেয়। মানিকহাট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন এলাকায় তেমন কোন বিনোদন কেন্দ্র নেই। সেকারণে স্থানীয় পর্যটকরা ছুটির দিনে পদ্মা নদীর ঐ দু’টি উম্মুক্ত এলাকায় পরিবারপরিজন নিয়ে নৌকা ভ্রমণ করেন। এদের মধ্যে কোন কোন পরিবার আবার পদ্মা নদীতে নৌকা ভ্রমণের পাশাপাশি বনভোজনও করে থাকেন। সাতবাড়ীয়া ইউনিয়নের নারুহাটি কাঞ্চন পার্ক এলাকার পদ্মা নদীতে নৌ-ভ্রমণ করতে আসা পর্যটক উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আহমেদ বলেন পদ্মা নদীর প্রাকৃতিক সৌন্দর্য অনেক নয়নাভিরাম। তাছাড়া এখানকার পরিবেশও অত্যন্ত সুন্দর। সেকারণে স্থানীয় পর্যটকরা পদ্মা নদীর ঐ দু’টি পয়েন্টে নৌকাযোগে আনন্দ ভ্রমণ করেন।