পাবনার সুজানগরে ইঁদুরের উপদ্রব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সুজানগর পৌর শহরসহ উপজেলার অধিকাংশ গ্রামাঞ্চলের মানুষ ইঁদুরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন। ইঁদুর বাড়ি-ঘর অফিস-আদালত এবং দোকান-পাটে রাখা বিভিন্ন মূল্যবান মালা-মাল এবং কাগজপত্র কেটে ক্ষতি সাধন করছে। সেই সঙ্গে ইঁদুর ছাত্র-ছাত্রীদের বইপুস্তক কেটেও ব্যাপক ক্ষতি করছে। ইঁদুর সব চেয়ে বেশি ক্ষতি করছে হাট-বাজারের দোকান-পাটে রাখা মালা-মাল কেটে। সুজানগর পৌর বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী সেলিম রেজা বলেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী ইঁদুরের উপদ্রব থেকে বাঁচতে সারাদিন বেচা-কেনা শেষে রাতে কিছু কিছু মালা-মাল দোকান থেকে বাড়িতে নিয়ে যেতে বাধ্য হচ্ছে। একই বাজারের ব্যবসায়ী টিপু সুলতান বলেন বিষ এবং ফাঁদ পেতে ইঁদুর নিধন করেও উপদ্রব থেকে রক্ষা পাওয়া যাচ্ছেনা। ফলে তারা প্রতিমাসে হাজার টাকা ক্ষতি গ্রস্ত হচ্ছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন বিষ এবং ফাঁদসহ বিভিন্ন পদ্ধতিতে ইঁদুর নিধন করা ছাড়া উপদ্রব থেকে বাঁচার কোন বিকল্প নেই।