শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ নাটোর জেলা শাখার আয়োজনে বুধবার সকালে মাদক ও দূর্নীতিকে লাল কার্ড প্রদর্শন এবং শিক্ষার্থী ও পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সংগঠনের সদস্যরা টিফিনের টাকায় গাছ কিনে পৌর শহরের বিভিন্ন রাস্তায় শিক্ষার্থী ও পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। শিক্ষার্থীরা গাছের চারা হাতে নিয়ে মাদক ও ধর্ষণবিরোধী শপথ নেন। শহরের ঝাউতলার এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথ পাঠ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। অনুষ্ঠানে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন প্রতিষ্ঠানের জেলা শাখার প্রধান উপদেষ্টা শেখ মোঃ রাকিবুল ইসলাম, নাটোর জেলা শাখার সভাপতি শেখ রিফাদ মাহমুদ ও সাধারণ স¤পাদক নাহিদ আহমেদ। লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম বলেন, সংগঠনের সদস্যরা তাদের জমানো টাকায় গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির শুরু করেছেন। ইতোমধ্যে ১৪ টি জেলায় এই কার্যক্রম শেষ করেছেন। সারাদেশে আগামী তিন মাস এই কার্যক্রম পরিচালনা করা হবে। চলতি বছর সারাদেশে এক লাখ গাছের চারা উপহার হিসেবে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে বিতরণ করা হবে।