পাবনার সুজানগরে গো-খাদ্যের সঙ্কট দেখা দিয়েছে। এতে উপজেলার গবাদিপশু লালন-পালনকারী কৃষকরা বেকায়দায় পড়েছেন। অনেক কৃষক গো-খাদ্যের অভাবে তাদের হালের বলদ পর্যন্ত বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
উপজেলার ঘোড়াদহ গ্রামের কৃষক মামুন হোসেন জানায়, অতি বৃষ্টি এবং বন্যার কারণে চরাঞ্চল এবং বাড়ির আশপাশের মাঠে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া ঘাস ডুবে গেছে। তাছাড়া অতি বৃষ্টির কারণে গবাদিপশুর অন্যতম খাবার ধানের খড়ও পচে নষ্ট হয়ে গেছে। সেই সঙ্গে ঐ সকল মাঠে বাণিজ্যিকভাবে চাষ করা নেপিয়ার জাতের ঘাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে উপজেলার সর্বত্র গো-খাদ্যের সঙ্কট দেখা দিয়েছে। উপজেলার হাট-বাজারে বাণিজ্যিকভাবে চাষ করা নেপিয়ার জাতের ঘাস পাওয়া গেলেও দাম চড়া। উপজেলার মানিকহাট গ্রামের কৃষক শামছুর রহমান বলেন আগে হাট-বাজারে বাণিজ্যিকভাবে চাষ করা নেপিয়ার জাতের ঘাসের দাম ছিল প্রতি আঁটি ১৫ থেকে ২০টাকা। কিন্তু অতি বৃষ্টি এবং বন্যার কারণে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া ঘাস ডুবে যাওয়ায় বর্তমানে বাণিজ্যিকভাবে চাষ করা ঐ ঘাস প্রতি আঁটি ২৫ থেকে ৩০টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে এমতাবস্থায় আনেক কৃষক বাধ্য হয়ে তাদের গবাদি পশু বিক্রি করে দিচ্ছে বলেও তিনি জানান। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জামাল উদ্দিন বলেন প্রত্যেক বছর বর্ষার মৌসুমে কিছুটা গো-খাদ্যের সঙ্কট দেখা দেয়। তবে এ সঙ্কট সাময়িক সময়ের জন্য।