করোনা মহামারী ও লকডাউনের কারণে পাবনার সুজানগরের শতাধিক সিএনজি চালক কিস্তির ভারে জর্জরিত হয়ে পড়েছে। এদের মধ্যে অনেকে আবার সময় মতো কিস্তির টাকা পরিশোধ করতে নাপারায় সিএনজি হারাতে বসেছে।
উপজেলার মানিকহাট গ্রামের সিএনজি চালক নজহরুল ইসলাম জানায়, শতাধিক বেকার যুবক বে-সরকারি সংস্থা ওসাকা, উদ্দীপন, সিদীপ এবং জাগরণী চক্রসহ বিভিন্ন বে-সরকারি সংস্থার কাছ থেকে সাপ্তাহিক কিস্তিতে পরিশোধ করার শর্তে ৪/৫ লক্ষ ঋণ নিয়ে সিএনজি ক্রয় করেছে। ঐ সকল সিএনজি চালক পাবনা-সুজানগর, বোনকোল-সুজানগর এবং চিনাখড়া-সুজানগরসহ বিভিন্ন রুটে তাদের সিএনজি চালিয়ে টাকা উপার্জন করে মাসিক কিস্তি পরিশোধ করাসহ জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু গত দেড় বছর যাবৎ করোনা মহামারী এবং এজন্য দেওয়া দীর্ঘ লকডাউনের কারণে সড়কে তেমন যাত্রী পাওয়া যায় নাই। এমনকি সড়কে পুলিশি তৎপরতার কারণে ঠিক মতো সিএনজিও চালানো সম্ভব হয় নাই। এতে তারা প্রয়োজনীয় ভাড়া না পাওয়ায় ঐ সকল সংস্থার কিস্তি পরিশোধ করতে পারেনি। সেকারণে তাদের বে-সরকারি সংস্থার চাপের মুখে পড়তে হচ্ছে। উপজেলার চরসুজানগর গ্রামের সিএনজি চালক আসলাম উদ্দিন বলেন লকডাউনের কারণে নিয়মিত সিএনজি চালাতে না পারায় একটি বে-সরকারি সংস্থার কাছ থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করতে পারি নাই। যেকোন সময় ঐ সংস্থা কর্তৃপক্ষ ঋণের টাকার পরিবর্তে আমার সিএনজি নিয়ে নিতে পারে।