ব্রাহ্মণবাড়িয়ায় ৯ পাসপোর্ট দালালকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল বাকী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর আগে দিনভর র্যাবের অভিযানে ওই ৯ জন আটক হয়।
ভ্রাম্যমাণ আদালত ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম মেড্ডার মিন্টু মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২৬), আবদুল আউয়ালের ছেলে মো. সোহাগ মিয়া (২৬), কামাল মিয়ার ছেলে মো. মোজাম্মেল, মধ্যপাড়ার আবদুল রাজ্জাকের ছেলে মো. রাসেল মিয়া, কাজি আমান উল্লাহ্'র ছেলে কাজী অলীউল্লাহ, পূর্ব মেড্ডার মাহবুব মিয়ার ছেলে মো. রাকিব মিয়া, নাসিরনগরের চাতলপাড়ের মো. আতিকুল ইসলামেরর ছেলে মো. সিরাজুল ইসলাম, কসবা রাইতলার ফোরকান আহমেদের ছেলে মো. মহিউদ্দিন আহমেদকে এক মাসের কারাদ- দেন। এ ছাড়া কসবার মীরতলা গ্রামের খোরশেদ খানের ছেলে আমজাদ খানকে ১৫ দিনের কারাদ- দেওয়া হয়।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্প সূত্র জানায়, একটি দালাল চক্র ব্রাহ্মণবাড়িয়া জেলা পাসপোর্ট অফিস এলাকায় দালালির মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে অতিরিক্ত অর্থ আদায় করে নিচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য দালাল চক্রের ওপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি চালানো হয় ও তথ্যের সত্যতা পাওয়া যায়। এ অবস্থায় রোববার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা নাগাদ পাসপোর্ট অফিস ও এর আশপাশে অভিযান চালানো হয়।