পাবনার চাটমোহর থানা পুলিশ শনিবার সন্ধ্যায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হলো উপজেলার মুলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামের মৃত শুকুর আলীর ছেলে রাজু আহমেদ ওরফে রেজাউল (৪১) ও রতনপুর গ্রামের জয়নাল প্রাং এর ছেলে সুমন প্রাং সুমা (৩১)।
গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেনের নির্দেশে থানার এসআই সুব্রত ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মথৃরাপুর মিশন গেট এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাজু ও সুমনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ব্যাপারে চাটমোহর থানায় মামলা রুজু করা হয়েছে। রোববার আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।