রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত নতুন ১১০ জন শনাক্ত হয়েছেন। এ সময় করোনায় আক্রান্ত আরও তিননের মৃত্যু হয়েছে। একই সঙ্গে সুস্থ হয়েছেন ২২৫ জন। শনাক্তের হার ৯ দশমিক ৮০ শতাংশ।
এ নিয়ে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত বিভাগে মোট ২ লাখ ৬০ হাজার ৬১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৩ হাজার ৬৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২০৫ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৭৩৫ জন।
রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ২৪ ঘণ্টায় বিভাগের পঞ্চগড়ে দুইজন ও দিনাজপুর জেলার একজমের মৃত্যু হয়েছে।
এ সময় ১ হাজার ১২২ জনের নমুনা পরীক্ষা করে দিনাজপুরের ২৭, রংপুরের ২৪, ঠাকুরগাঁওয়ের ১৭, পঞ্চগড়ের ১৭, লালমনিরহাটের ১০, গাইবান্ধার ৭, কুড়িগ্রামের ৫ ও নীলফামারী জেলার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
সবশেষ তিনজনসহ রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১ হাজার ২০৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দিনাজপুরে। এ জেলায় সর্বোচ্চ ৩২০ জন মারা গেছেন।
দ্বিতীয় সর্বোচ্চ ২৮৬ জনের মৃত্যু হয়েছে বিভাগীয় জেলা রংপুরে। জেলা হিসেবে সবচেয়ে কম ৬২ জন মারা গেছেন গাইবান্ধায়। এ ছাড়া ঠাকুরগাঁওয়ে ২৪৩, নীলফামারীতে ৮৬, পঞ্চগড়ে ৭৯, কুড়িগ্রামে ৬৬ ও লালমনিরহাটে ৬৩ জন মারা গেছেন।
করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।