দিনাজপুরের বিরলে খুচরা বালাইনাশক ডিলারের লাইসেন্স নবায়নে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ শাহজাহান আলী বিরল উপজেলা কৃষি অফিসে যোগদানের পর হতে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ও চাপ প্রয়োগ করে সুকৌশলে অতিরিক্ত অর্থ আদায় করছেন বলে জানিয়েছেন ভূক্তভোগীরা। ইতিপূর্বে লাইসেন্স নবায়ন বাবদ সরকারি ফি পরিশোধ করলেও এবার ১০০০/-(একহাজার) টাকা এবং মেয়াদ উত্তীর্ণদের জন্য প্রতিমাসের বাবদ পৃথক পৃথক জরিমানা দিব্যি আদায় করায় বিপাকে পড়েছেন খুচরা বালাইনাশক ডিলারেরা। এমন অভিযোগ জানিয়ে নাম প্রকাশ না করার শর্তে উপজেলার কিছু খুচরা বালাইনাশক বিক্রেতা জানান, কোথাও অভিযোগ করতে গেলে লাইসেন্স বাতিল করে দেয়ার ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। সংবাদপত্র সমাজের দর্পণ তাই বিষয়টি সংবাদমাধ্যমের কর্মীদের তুলে ধরার আহ্বান জানান খুচরা বালাইনাশক বিক্রেতাদের অনেকে। সরকারি নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে যথাযথ সময়ের মধ্যে লাইসেন্স নবায়নে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী খুচরা বালাইনাশক ডিলারগণ।
এ ব্যাপারে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ শাহজাহান আলীর সাক্ষাৎ না পাওয়ায় কিছু জানা সম্ভব হয়নি।