দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ৫২৩ জন দুঃস্থ, অসহায় ও বিধবা নারী গত ২ মাস ধরে ভিজিডি’র চাল পাচ্ছেন না। ফলে এ সকল নারী তাঁদের পরিবারের সদস্য নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
সূত্র থেকে জানা যায়, সরকার দীর্ঘদিন ধরে প্রতিমাসে সারা দেশের প্রতিটা ইউনিয়নে দুঃস্থ, অসহায় এবং বিধবা নারীদের ৩০ কেজি করে চাল প্রদান করে থাকেন। সহায় সম্বলহীন এসব দুঃস্থ, অসহায় এবং বিধবা নারীরা প্রতিমাসে তীর্থের কাকের মতো করে ঐ ৩০ কেজি চাউলের জন্য প্রহর গুণতে থাকেন।
দিঘলিয়া উপজেলার ৬ টি ইউনিয়নের মধ্যে ৫ টির ভিজিডি কার্ডের চাল বিতরণ ইতোমধ্যে সম্পন্ন হলেও দিঘলিয়া সদর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৫২৩ জন নারী জুলাই এবং আগস্ট মাসের চাল এখনও পাননি।
এ ব্যাপারে সদর ইউনিয়নের বেশ কয়েকজন সদস্য অভিযোগ করে বলেন, চেয়ারম্যান আমাদের সাথে আলোচনা কিংবা আমাদের মতামতের তোয়াক্কা না করে তাঁর ইচ্ছে মাফিক ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনাসহ ভিজিডি’র চাল বিতরণ করে থাকেন। যে কারণে আমরা তাঁর বিরুদ্ধে অনাস্থা দিয়েছি।
বিষয়টি নিয়ে কথা হয় দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলমের সাথে। তিনি বলেন, “প্রতিমাসে নিয়মিত সময়মতো ভিজিডি’র চাল বিতরণের জন্য ব্যক্তিগতভাবে আমি প্রত্যেক চেয়ারম্যানকে তাগাদা দিয়ে থাকি। আমি এবং আমার দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসাররা সঠিকভাবে চাল বিতরণ হচ্ছে কি না সেটা নিয়মিত তদারকি করে থাকি। ইতোমধ্যে আমার উপজেলার ৬ টি ইউনিয়নের ৫ টিতে সুষ্ঠুভাবে চাল বিতরণ সম্পন্ন হয়েছে। দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যানকেও আমি বারবার চাল বিতরণের জন্য তাগাদা দিচ্ছি। তিনি আগামী ৬ সেপ্টেম্বর (সোমবার) চাল বিতরণের তারিখ নির্ধারণ করেছেন। ঐ দিন যাতে কোন অনিয়ম না হয় সে জন্য আমি নিজে উপস্থিত থেকে চাল বিতরণ তদারকি করবো”
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে জানা যায়, দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে গত ৫ বছর ধরে ভিজিডি’র চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষ ক্ষেত্রে চেয়ারম্যান সরকারি নীতিমালার তোয়াক্কা না করে তিনি তাঁর অনুসারীদের রিলিফের মাল বিতরণ করে থাকেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তাঁর এসব অনিয়ম, স্বেচ্ছাচারিসহ নানা মালামাল বিতরণে মালামাল কম দেওয়া নিয়ে এবং তাঁর নানা অনিয়ম ও দুর্ণীতির ব্যাপারে কয়েকজন ইউপি সদস্যরা একাধিকবার সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোন সমাধান পাইনি। সংবাদপত্রে ও যোগাযোগ মধ্যমে সংবাদ প্রচারিত হওয়ার পরও তাঁর কোন কর্মকান্ডের কোন পরিবর্তন হয়নি। তাঁর নানা অনিয়ম ও নানা স্বেচ্ছাচারিতার ব্যাপারে পত্রিকায় সংবাদ প্রচারিত হওয়ায় জন সম্মুখে তাঁর সহযোগী বাবু খানকে নিয়ে সাংবাদিকের উপর চড়াও হতে দেখা গেছে। এমনকি তাঁর নানা অনিয়ম ও দুর্ণীতির বিরদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ার পর তিনি এটাকে দলের বিরুদ্ধে বলে প্রচার করে।