নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ মাইশ্যা আকতার (১৭) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। সে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের শেরপুর গ্রামের কলেজ শিক্ষক আকতার হোসেন পলাশের মেয়ে ও পোরশা উপজেলার নীতপুর বিসিআইডি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
নিহতের পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তারা উপজেলা সদরের লীচুতলায় আবদুল খালেকের ভাড়া বাসায় বসবাস করতেন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাইশ্যার ঘরের দরজা বন্ধ দেখে বাসার লোকজন ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ঘরের সিলিংয়ের সাথে গলায় শাড়ির ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ ঝুলতে দেখা যায়। পরে থানা পুলিশে খবর দিলে রাত ৮টায় পুলিশ লাশ উদ্ধার করে। সে আত্মহত্যা করে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
মহাদেবপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা এন্ট্রি করা হয়েছে।