নওগাঁর মহাদেবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বসতবাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপন কলাকৌশল বিষয়ক দুদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে শেষ হয়েছে। ‘অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন’ প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণে উপজেলার ১০টি ইউনিয়নের ৩০ জন কৃষক অংশ নেন। প্রশিক্ষণ দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম, নওগাঁর উপ-পরিচালক শামছুল ওয়াদুদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌফিক আল জুবায়ের প্রমুখ। প্রশিক্ষণ শেষে প্রত্যেক কৃষকের মাঝে বিনামূল্যে ১০ প্রকার সবজি বীজ বিতরণ করা হয়।