নাটোরের বড়াইগ্রামে বৃহস্পতিবার একদিনেই তার মতো ৮০ জন দুস্থ মানুষ ৩৩৩ নম্বরে ফোন করে সরকারি খাদ্যসহায়তা পেয়েছেন। উপজেলা পরিষদ চত্বরে ইউএনও জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুস্থ মানুষদের মাঝে এসব খাদ্য সহায়তা তুলে দেন। এ সময় তার সঙ্গে আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার আবদুর রহমান আনসারী উপস্থিত ছিলেন। এ নিয়ে ৩৩৩ নম্বরের কলে উপজেলায় মোট চার শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে বলে জানা গেছে।
উপজেলার পিঙ্গইন গ্রামের নাছিমা বেগম বলেন ‘ছাওয়াল-মিয়েরা বারবার খাওয়ার চাচ্চিল, কিন্তু দিবের পারিনি। কিভাবে দিবো, ঘরে চাল নেই। স্বামী অসুস্থ, কোন কাম করবের পারে না। দিতে পাইরবো না ভাইবে প্রতিবেশীরা ধারদেনাও দেয় না। তাই ধার চাতিও সাহস পাচ্ছিলেম না। হঠাৎ ছোট ছাওয়াল আলীম বললো-মা টিভিতে বলিছিল ৩৩৩ নম্বরে ফোন দিলে সরকার খাবার দেয়।’ ছেলের কথা শুইনি ফোন দিছিনু, আজ ইউএনও অফিস থ্যাকি ডাইকি লিয়ে চাল-ডাল দিলো। এখন অন্তত কয়েকদিন ছাওয়াল পাওয়াল লিই খিদের জ¦ালাত থিকি বাঁইচতে পারবোনি।’
পরিচয় প্রকাশ না করার শর্তে খাদ্য সহায়তা পাওয়া আরো কয়েকজন জানান, করোনার প্রভাবে ব্যবসা-বাণিজ্যে লোকসান হয়ে আমরা চরম ক্ষতিগ্রস্থ হয়েছি। অভাবে পড়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গেলে তারাও তেমন কিছু করেন না। আর তারাও বা কতজনকে দিবেন। এ অবস্থায় শুধু একটা ফোন করে এভাবে খাদ্য সহায়তা পেয়ে আমরা দারুণ খুশি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম বলেন, প্রতিদিনই অভাবগ্রস্থ মানুষেরা ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা চায়। তাই সহকারী প্রোগ্রামারের নেতৃত্বে চার সদস্যের কমিটি করে দিয়েছি। তারা ফোন করা ব্যক্তিদের প্রয়োজনীয়তা যাচাই বাছাই করেন। এরপর প্রকৃত অভাবীদেরকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়। প্রতিদিনই কমবেশি খাদ্য সহায়তা দেয়া হয়। আজ একদিনেই ৮০ জনকে খাদ্য সহায়তা করা হয়েছে।