পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া উত্তরপাড়ায় চিকনাই নদীর উপর নির্মাণ করা হয়েছে একটি ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচল করতে পারছেনা,নৌযানও চলছেনা ব্রিজের নিচ দিয়ে। কারণ ব্রিজের উচ্চতা কম। নদীতে পানি আসায় এখন ব্রিজের দুই পাশ জলমগ্ন হয়ে পড়েছে। ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রনালয়ের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের তত্বাবধানে গত অর্থবছরে ব্রিজটি নির্মাণ করা হয়েছে। ব্রিজটির নির্মাণ কালেই অতি নি¤œমানের উপকরণ ব্যবহার করা হয়। ব্রিজের দুইপাশে মাটিও ফেলা হয়নি। ফলে ব্রিজের উপর দিয়ে কোন যানবাহন চলাচল করতে পারেনা। চরম দূর্ভোগে পতিত হয়েছেন গ্রামবাসী। কারণ নৌকাযোগে তারা ব্রিজ পার হয়ে কোথাও চলাচল করতে পারছেননা। পানির কারণে ব্রিজটিও ক্ষতির সম্মুখিন। সরকারি অর্থে ব্রিজটি নির্মাণ করা হলেও তা এখন এলাকাবাসীর কোন উপকারে আসছেনা বলে জানালেন গ্রামের বাসিন্দারা। গ্রামবাসী এ ব্যাপারে সমাধানের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান জানান,ইউপি চেয়ারম্যানের দাখিলকৃত প্রকল্প অনুসারে ব্রিজের স্থান ও এর উচ্চতা ও প্রশস্থ নির্ধারণ করা হয়েছে। ব্রিজ নির্মাণকালে কারো কোন অভিযোগ ছিলনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সৈকত ইসলাম জানান,এ ব্যাপারে খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।