নাটোরের সিংড়ায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে মো. জামাল হোসেন (৩৯) নামের এক কৃষককে রড দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। ইউপি সদস্য সুলতান আলী ও তার শ্যালক তালেব সহ ৭জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ওই আহত কৃষকের স্ত্রী। অভিযুক্ত সুলতান আলী উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
বৃহস্পতিবার বিকেল ৫টায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে গিয়ে আহত কৃষক জামাল হোসেনকে ছটফট করতে দেখা যায়। এ সময় তার স্ত্রী মোছা: শিরিন জানান, এলাকার অন্যায় কাজের প্রতিবাদ করায় তার স্বামী কৃষক জামাল হোসেনের সাথে ইউপি সদস্য সুলতানের বিরোধ সৃষ্টি হয়। আর এরই জের ধরে দুপর দেড় টার দিকে কালিগঞ্জ থেকে ভ্যান যোগে বাড়ি ফেরার পথে পূর্বদামকুড়ি গ্রামে ইউপি সদস্য সুলতানের নির্দেশে তার শ্যালক তালেব আলী ও আল আমিন লোহার রড দিয়ে বেধরক পেটায়।
গ্রাম্য প্রধান সোনাউল্লা মিয়া, এবাদুল মোল্লা জানান, সম্প্রতি ইউপি সদস্য সুলতান আলীর বিরুদ্ধে বয়স্কভাতা কার্ড দেয়ার নামে অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগ উঠে। আর এ বিষয়ে কৃষক জামাল হোসেন প্রতিবাদ করায় মেম্বারের সাথে তার বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে তাকে মারধর করা হয়েছে বলে জানান এলাকাবাসী
এবিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য সুলতান আলী বলেন, তিনি এই ঘটনার সাথে জড়িত নন। তবে তার শ্যালকের সঙে ওই কৃষকের তর্কবিতর্ক হয়েছে তিনি শুনেছেন।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত মো. রফিকুল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার বিষষটি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য কালিগঞ্জ পুলিশ ফাড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।