রংপুর নগরীর বুক চিরে প্রবাহিত ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খালের পুনরুজ্জীবন ও সৌন্দর্যবর্ধন শীর্ষক প্রকল্পের কাজ বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশন মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন, মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। বক্তব্য রাখেন, প্যানের মেয়র মাহমুদুর রহমান টিটু, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, রসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, ক্যান্টবোর্ডের নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমি, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, সুশীল সমাজের প্রতিনিধি, সিটি কাউন্সিলররা।
রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, শ্যামাসুন্দরী খালের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ইতোমধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। খালকে পুনরুজ্জীবিত করতে ডিকন ডিজাইন স্টুডিও নামে এক পরামর্শক প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়া হয়েছে। তারা খাল পাড়ের বাসিন্দা, সুশীল সমাজ, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সাথে আলোচনা করবে। সেই আলোচনা এবং বিশেষজ্ঞদের পরামর্শে একটি সুন্দর পরিকল্পনার মাধ্যমে শ্যামাসুন্দরী খালের পুনরুজ্জীবন ও সৌন্দর্য বর্ধনে কাজ করা হবে।