আবারও স্প্যানিশ ফুটবলে ফিরলেন কলম্বিয়ার ফরোয়ার্ড রাদামেল ফালকাও। দলবদলের শেষ দিনে তিনি দুই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন রায়ো ভাইয়েকানোতে। দুই পক্ষের সমঝোতায় তুর্কি ক্লাব গালাতাসারাইয়ের সঙ্গে চুক্তি ভেঙে ফ্রি ট্রান্সফারে স্প্যানিশ দলটিতে নাম লেখালেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার। দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা ফালকাও ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটান স্পেনেই। ২০১১ সালে আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়ার পর হয়ে উঠেছিলেন ওই সময়ের সেরা স্ট্রাইকারদের একজন। মাদ্রিদের দলটির হয়ে দুই মৌসুমে ৯১ ম্যাচে ৭০ গোল করেন তিনি, জেতেন ইউরোপা লিগ ও উয়েফা সুপার কাপ। ২০১৩ সালে মোনাকোতে যোগ দেন ফালকাও। ২০১৪-১৫ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে ও ২০১৫-১৬ মৌসুমে চেলসিতে ধারে খেলেন। ২০১৬ সালে মোনাকোতে ফিরে ওই মৌসুমে দলকে লিগ ওয়ান শিরোপা জেতাতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা, করেন দলের সর্বোচ্চ ২১ গোল। পরে আর ফর্ম ধরে রাখতে পারেননি তিনি। সেখান থেকে ২০১৯ সালে পাড়ি জমান গালাতাসারাইয়ে। তুর্কির দলটির হয়ে ৪৩ ম্যাচ খেলে গোল করেন ২০টি। ২০০৭ সালে জাতীয় দলে অভিষেকের পর কলম্বিয়ার হয়ে ৮৬ ম্যাচে ৩২ গোল করেছেন ফালকাও। সবশেষ জাতীয় দলে খেলেছেন গত বছর, চিলির বিপক্ষে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে।