কলকাতার মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের গুণী অভিনেতা কৌশিক সেনের পুত্র ঋদ্ধি সেন। বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন ২৩ বছর বয়েসি ঋদ্ধি। বছর দুয়েক আগে জানা যায়, টলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন তিনি। ‘বিসমিল্লাহ’ নামের এই সিনেমা পরিচালনা করছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এতদিন এ সিনেমার গল্প ও মুক্তির তারিখ জানা যায়নি। অবশেষে এ বিষয়ে কথা বলেছেন চলচ্চিত্রটির পরিচালক ইন্দ্রদীপ। হিন্দুস্তান টাইমসকে এই পরিচালক বলেন, ‘‘আগামী বছর জন্মাষ্টমীর দিন অর্থাৎ ২০২২ সালের ১৯ আগস্ট মুক্তি পাবে ‘বিসমিল্লাহ’।’’ সংগীত, সাম্প্রদায়িক সম্প্রীতি, অসম প্রেম নিয়ে এ সিনেমার গল্প গড়ে উঠেছে। ইন্দ্রদীপ বলেনÑ‘এ গল্পে বিসমিল্লাহ-ফাতিমার প্লেটনিক প্রেম। বয়সে বড় ফাতিমার বিয়ে হবে অন্য কারো সঙ্গে, কিন্তু বিসমিল্লাহর ভালোবাসা বদলাবে না।’ এতে ফাতিমা চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী গাঙ্গুলি, বিসমিল্লাহ চরিত্রে দেখা যাবে ঋদ্ধি সেনকে। ঋদ্ধি-শুভশ্রী ছাড়াও এ চলচ্চিত্রে থাকছেনÑকৌশিক গাঙ্গুলি, অপরাজিতা আঢ্য, বিদীপ্তা চক্রবর্তী, লামা হালদার, অম্বরীশ ভট্টাচার্য, দামিনী বসু, দেবপ্রতীম দাশগুপ্ত, ঋতব্রত মুখার্জি, সুরঙ্গনা ব্যানার্জি প্রমুখ।