ইউরোপীয় ফুটবলে গ্রীষ্মকালীন দলবদলে রিয়াল মাদ্রিদের প্রধান টার্গেট ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে পিএসজির চাহিদার সঙ্গে পেরে উঠতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। কয়েক দফায় দাম বাড়িয়েও এমবাপ্পেকে নিজেদের দলে ভেড়াতে পারেনি তারা। এমবাপ্পেকে দলে ভেড়াতে পারলেও এবারের গ্রীষ্মকালীন দলবদলে ফ্রান্স থেকে খালি হাতে ফিরছে না ফ্লোরিন্তিনো পেরেজ। পিএসজির সঙ্গে এমবাপ্পের বিষয়ে আলোচনা থেকে সরে দাঁড়ানোর পরই রিয়াল দলবদলের শেষ সময়ে ফরাসি আরেক ক্লাব রেনসের তরুণ মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা দিকে চোখ রাখে। এর কিছুক্ষণ পরই ১৮ বছর বয়সী ফুটবলারের সঙ্গে চুক্তি সেরে ফেলে লস ব্লাঙ্কোসরা। ফুটবল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ‘এদুয়ার্দো কামাভিঙ্গা এখন থেকে রিয়াল মাদ্রিদের ফুটবলার। ফরাসি তরুণ মিডফিল্ডারের জন্য রিয়াল মাদ্রিদের করা ৩১ মিলিয়ন ও সঙ্গে বোনাস প্রস্তাবটি গ্রহণ করেছে রেনস। গতকাল রাতেই তার মেডিক্যাল সম্পন্ন হয়েছে। নতুন চুক্তিতে ২০২৬ সাল পর্যন্ত বার্নাব্যুতে থাকবেন ১৮ বছর বয়সী প্রতিভাবান এই মিডফিল্ডার। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও স্বদেশি ক্লাব পিএসজিকে বাদ দিয়ে রিয়াল মাদ্রিদকে পছন্দ করেছেন কামাভিঙ্গা।' ২০১৯ সালে রেনসের একাডেমি থেকে মূল দলে জায়গা করে নেন এদুয়ার্দো। ফরাসি ক্লাবটির হয়ে ৮৪ ম্যাচ খেলেছেন তিনি। বর্তমান সময়ের অন্যতম সেরা প্রতিভাবান ফুটবলার বলা হয় তাঁকে।