নাটোরের সিংড়া উপজেলায় গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। টাকা দিয়েও গো-খাদ্য খড় পাওয়া যাচ্ছে না। এতে বিপাকে পড়েছেন গবাদি পশু পালনকারীরা।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, চলনবিল অধ্যুসিত সিংড়া উপজেলার প্রায় ৩লাখ গোবাদি পশু (গরু) লালন-পালন করে আসছে খামারি ও সাধারণ কৃষকরা। এই অঞ্চলে গবাদি পশুর একমাত্র খাদ্য জমির খড় ও কাঁচা ঘাস। কিন্তু কয়েক দিনের প্রবল বর্ষনে অধিকাংশ চারণভূমি এখন পানির নিচে। বৃষ্টির পানি জমে অনেকের খড়ের পালা পচে নষ্ট হয়ে গেছে। তীব্র গো-খাদ্য সংকট দেখা দিয়েছে। টাকা দিয়েও কোথায় খড়ের পালা কেনা সম্ভব হচ্ছে না। আর পেলেও তা অধিক দামে কিনতে হচ্ছে। গবাদি পশু নিয়ে বিপাকে রয়েছেন খামারিরা।
সাতপুকুরিয়া গ্রামের কৃষক টগর আলী বলেন, ভারী বর্ষণের ফলে চলনবিলের উচুঁ জায়গাগুলো ডুবে যাওয়ায় গো-খাদ্য সংকটে পড়েছে অধিকাংশ খামারী। ফলে খড়ের দাম আকাশচুম্বী হয়ে পড়েছে। তাই খড়ের পরিবর্তে কচুরিপানা সংগ্রহ করে খাওয়ানো হচ্ছে। আর এতে গরুর রোগ-বালাইও বেশি হচ্ছে।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ খুরসীদ আলম বলেন, এই উপজেলা চারণভূমি বেশি হওয়ায় জেলার অন্যান্য উপজেলার তুলনায় এখানে বেশি গবাদি পশু পালন হয়ে থাকে। এজন্য অন্যান্য উপজেলা থেকে গো-খাদ্য কিনে চাহিদা মেটাতে হয়। কয়েকদিনের ভারী বর্ষণ ও বন্যার পানিতে অধিকাংশ চারণভূমি পানির নিচে ডুবে গেছে। তাই গো-খাদ্য সংকট দেখা দিয়েছে।