বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আগামী উপনির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মুন্টু মন্ডল বা ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুত তারিক মোহাম্মদকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী করার দাবী জানিয়েছেন আওয়ামী লীগের একটি অংশ। এ উপলক্ষে সোমবার বিকেল ৫টায় ফুলবাড়ী ইউনিয়ন ডিজিটাল কেন্দ্র মিলনায়তনে ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মুন্টু মন্ডল,সাবেক পৌর মেয়র আবদুল হামিদ সরদার,উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী,চালুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম বাদসা,উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহান সাগর প্রমুখ। বক্তাগন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের নিকট সারিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আগামী উপনির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মুন্টু মন্ডল অথবা ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী করার দাবী জানিয়েছেন। উল্লেখ্য, গত ১৮ আগস্ট সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মুহম্মদ মুনজিল আলী সরকার মৃত্যু বরণ করেন।