চলনবিলাঞ্চলের গণবিনোদন হিসেবে নৌকা বাইচের প্রচলন নতুন নয়। বর্ষাকালে যখন নদী-নালা, খাল-বিল পানিতে থৈ,থৈ করে তখন এঅঞ্চলে নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিবছর উৎসবমুখর পরিবেশে ছোট-বড় নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিলপাড়ে সব বয়সের হাজার-হাজার নারী-পুরুষ দর্শক উপভোগ করেন এমন আয়োজন।
ইতিমধ্যে পাবনার ভাঙ্গুড়ার 'মাগুড়া সবুজ বাংলা ‘ নামে ১২৫ ফুট লম্বা একটি পানসি নৌকা নজর কেড়েছে পুরো চলনবিলবাসির। গ্রাম-বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে
উপজেলার দিলপাশার ইউনিয়নের মাগুড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন সরদার এ নৌকাটি তৈরি করেন।
জানাগেছে, ২০১৯ সালে তাঁর ব্যক্তিগত উদ্যোগে নৌকাটি তৈরি করা হয়। এতে তাঁর খরচ হয় প্রায় ১০ লাখ টাকা। শাল কাঠের তৈরি নৌকাটি তৈরি করতে সময় লাগে ৪০ দিন। ৮৫ জন মাঝি-মাল্লা মিলে চালাতে হয় নৌকাটি। নৌকাটি অনেক বড় হওয়ায় এর হাল ধরতে প্রয়োজন হয় দু’জন মাঝির।
গত তিন বছরে কুষ্টিয়া, সিরাজগঞ্জ ,শাহজাদপুর, উল্লাপাড়া, বেড়া, সাঁথিয়াসহ বিভিন্ন এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নিয়েছে মাগুড়া সবুজ বাংলা নৌকাটি। এ সময় চ্যাম্পিয়নসহ অনেক পুরস্কার জিততে সক্ষম হয়েছে এলাকার সবচেয়ে বড় পানসি এ নৌকাটি। ইতোমধ্যে বাইচের জন্য নতুন করে রঙ করাসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন মালিকপক্ষ।
মাগুড়া সবুজ বাংলার পরিচালক প্রভাষক গিয়াস উদ্দিন জানান, বর্ষা মৌসুমে নৌকা বাইচে অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ডাক পড়ে তাঁদের। কিন্তু সবখানে যাওয়া হয় না। তিনি দাবি করেন, শুধু চলনবিলাঞ্চল নয়। ‘মাগুড়া সবুজ বাংলা’ উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় পানসি নৌকা।
মালিক আলাউদ্দিন সরদার জানান, তিনি একজন ব্যবসায়ী। ১৯৭৩ সাল থেকে তিনি নৌকা বাইচ দিয়ে আসছেন। শখ করে তিনি নৌকাটি বানিয়েছেন।। এখনও নৌকায় মাঝি হিসেবে তিনিই হাল ধরে থাকেন।