পাবনার চাটমোহরে খোলা বাজারে চাল ও আটা কিনতে আসা মানুষের ভিড়ে হারিয়ে গেছে স্বাস্থ্যবিধি। প্রদিদিনই চাল ও আটা কেনার জন্য নারী-পুরুষের ভিড় বাড়ছে। যে যেভাবে পারছে ভিড় করে থাকছে চাল ক্রয় কেন্দ্রে। স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বালাই নেই। মানুষের ভিড়ে হারিয়ে গেছে স্বাস্থ্যবিধি।
মঙ্গলবার সরেজমিনে দেখা যায়,সকাল ৭টা থেকেই চাল ও আটা কেনার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশু। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে লাইনও। এ সময় কেউই মানছিলেন না সামাজিক দূরত্ব। অনেকের মুখেই ছিল না মাস্ক।
রোদ-বৃষ্টি উপেক্ষা করে পৌর শহরের বিভিন্ন মোড়ে স্বল্পমূল্যে চাল ও আটা কিনতে মানুষের দীর্ঘ লাইন। বিদ্যমান করেনা পরিস্থিতিতে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত স্বল্পমূল্যের এই চাল-আটা কিনতে লাইনগুলোয় ভিড় করেছে শিশু, কিশোর, নারী ও বৃদ্ধ মানুষের। ডিলাররা বলছেন, ক্রেতাদের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন তারা।
উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, খাদ্য অধিদপ্তরের আওতায় চাটমোহর শহরের চারটি পয়েন্টে (ওএমএস) স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রি হচ্ছে। প্রতিটি ডিলারকে সাপ্তাহিক ছুটির দিন বাদে প্রতিদিন ১ হাজার ৫০০ কেজি চাল ও ১ হাজার কেজি আটা বরাদ্দ দেয়া হচ্ছে। ডিলারদের কাছ থেকে প্রত্যেক ব্যক্তি ৫ কেজি চাল ও ৫ কেজি আটা কিনতে পারবেন। চাল প্রতি কেজি ৩০ টাকা ও আটা ১৮ টাকা কেজি দাম নির্ধারণ করা হয়েছে।
বাজারে মোটা চাল ৪৫ থেকে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে যে কারণে ৩০ টাকা কেজির চাল ও ১৮ টাকা কেজিতে আটা কিনতে তারা ওএমএসের দিকে ছুটছেন। ডিলাররা সকাল ৯টা থেকে বিক্রি শুরু করলেও সকাল ৭ টায় এসে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন অনেকে।
চাটমোহর পুরাতন বাজার এলাকার ডিলার তরুন পাল বলেন, প্রতিদিন বরাদ্দের চেয়ে ক্রেতাদের চাহিদা অনেক বেশী থাকে।