জমি নিয়ে বিরোধের জেরে নাটোরের সিংড়ায় আনোয়ার হোসেন আলীরাজ নামে এক সাংবাদিকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় সোমবার সন্ধ্যায় দুইজনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন সাংবাদিক আনোয়ার হোসেন। সে জাতীয় দৈনিক ইনকিলাবের সিংড়া উপজেলা সংবাদদাতা ও আগপাড়া শেরকোল গ্রামের এর মৃত আকবর আলী ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে সাংবাদিক আনোয়ার হোসেন এর সাথে ২৯শতাংশ জমি নিয়ে প্রতিবেশী আফছার আলীর বিরোধ চলে আসছিল। এনিয়ে সম্প্রতি মিস কেস মামলায় উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার কাগজপত্র যাচাই-বাছাই করে সাংবাদিক আনোয়ার হোসেনের পক্ষে রায় দেন। পরে ওই রায়কে চ্যালেঞ্জ করে প্রতিপক্ষ আফছার আলী বাদি হয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর আপীল করেন। যাহার আপীল নং ৯/২০। কিন্তু প্রতিপক্ষরা আপীলে হেরে যাওয়ার আশঙ্কায় বিভিন্ন সময় সাংবাদিক আনোয়ার হোসেনকে হুমকি দিয়ে আসছিল। এরই অংশ হিসেবে বন্দর বাজারে চা স্টলে সোমবার সকাল সাড়ে ১০টায় তাকে মারধর করা হয়।
অভিযুক্ত আফছার আলী বলেন, তার সাথে জমি নিয়ে বিরোধে আদালতে মামলা চলমান রয়েছে। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। আর অপর অভিযুক্ত আফজাল সরকার বলেন, মারধরের বিষয়টি সঠিক নয়। তবে বাজারে তর্কবিতর্ক হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।