ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ইনিংস এবং ৭৬ রানে হেরেছে ভারত। এরপর থেকে কিপার ঋষভ পন্থকে বাদ দিয়ে ঋদ্ধিমান সাহাকে একাদশে নেওয়ার দাবি উঠেছে। এদিকে ভারতের দলীয় সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, পেসার ইশান্ত শর্মা বাকি দুই টেস্টে বাদ পড়তে পারেন। লিডসে একদম বল হাতে নজর কাড়তে পারেননি ইশান্ত। ২২ ওভার বল করে ৯২ রান দিলেও কোনো মেডেন বা উইকেট পাননি। প্রথম ইনিংসে ইংল্যান্ড ৪৩২ রানের পাহাড় গড়েছিল। বিপরীতে ইশান্ত একদমই হতাশ করেছেন। তার বলের গতিও ১৩০-এর আশেপাশে। রুট-বার্নসরা তাকে অনায়াসে খেলেছেন। ইশান্তের জন্যই ভারতের পেস আক্রমণ তিন জনের হয়ে দাঁড়ায়- বুমরাহ, শামি এবং সিরাজ। নটিংহ্যাম টেস্টে ছিলেন না ইশান্ত। তারপরে লর্ডস এবং লিডস টেস্ট মিলিয়ে ৫৬ ওভার বোলিং করেছেন। তারকা পেসারের নামের পাশে মাত্র ৫ উইকেট। ইংলিশ পরিবেশে ইশান্ত যে নিজেকে মানিয়ে নিতে পারেননি সেটা তার বোলিং পরিসংখ্যানেই স্পষ্ট। ম্যাচের পরেই ইশান্তের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। সাইড স্ট্রেন, কিংবা গোড়ালিতে চোট নিয়েই তৃতীয় টেস্টে ইশান্ত খেলেছেন কিনা, তা নিয়ে সংশয় আছে। এবার জায়গায় সিমার হিসাবে চতুর্থ টেস্টে একাদশে জায়গা দখলের লড়াই করবেন উমেশ যাদব এবং শার্দুল ঠাকুর। আবার শামি-বুমরাহর কেউ একজন বিশ্রামে গেলে উমেশ-শার্দুল দুজনই একাদশে থাকতে পারেন।