পাবনার চাটমোহরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা চলনবিল অঞ্চলে অবৈধভাবে স্থাপিত সুঁতিজাল,নিষিদ্ধ কারেন্ট,বাদাই ও চায়না জালের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন। তারা বলেছেন প্রতিবছর বর্ষা মৌসুমের শুরু থেকে বিলের পানি বের হওয়া পর্যন্ত চলনবিলের বিভিন্ন নদী,খাল ও বিলের মুখে প্রভাবশালী ব্যক্তিরা অবৈধ সুঁতিবাাঁধ বা সুঁতিজাল স্থাপন করে দেশী প্রজাতির মাছ নিধনে মেতে ওঠে। একইসাথে সাম্প্রতিক সময়ে বাজারে আসা চায়না জাল,নিষিদ্ধ কারেন্ট জাল ও বাদাই জাল দিয়ে বিলের দেশী মাছ ধ্বংস করা হচ্ছে। বর্তমানে বিলে বোয়ালের পোনাসহ ছোট ছোট বোয়াল,রুই,কাতলা,কৈ,পুচি,শিং,টেংরা,মাগুর.নদাইসহ হরেক রকম দেশী মাছ নিধন চলছে। এদের বিরুদ্ধে এখনই পদক্ষেপ না নিলে এ অঞ্চলের দেশী মাছ নি:শেষ হয়ে যাবে।
গত শনিবার (২৮ আগষ্ট) বিকেলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. হাবিবুর রহমান,প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা হেলালুর রহমান জুয়েল,সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস এম হাবিবুর রহমান,সাংবাদিক প্রভাষক ইকবাল কবীর রঞ্জু প্রমূখ।
সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন,মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ,টেকসই ও নিরাপদ মৎস্য সম্পদ উন্নয়ন এবং উৎপাদন বৃদ্ধি,জলজ পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ ও মৎস্য সংরক্ষণ আইন বিষয়ে সর্বস্তরের জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে শুরু হয়েছে মৎস্য সপ্তাহ। আমরা মৎস্য সপ্তাহের ভ্রাম্যমান আদালত পরিচালনা করবো। ইতোমধ্যে আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২০টি অধিক চায়না জাল ধ্বংস করেছি। তবে এবার চলনবিলের চাটমোহর অংশে কোন সুঁতিজাল স্থাপন করতে দেওয়া হবেনা। এটা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ।
সভায় মৎস্য কর্মকর্তা জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি ও করনীয় বিষয়ে তুলে ধরেন। তিনি জানান,করোনার কারণে এবারও ভিন্নভাবে উদযাপিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। সপ্তাহের কর্মসূচীর মধ্যে রয়েছে,পোনা মাছ অবমুক্তকরণ,মৎস্য আইন সম্পর্কে সচেতনতামূলক প্রচার-প্রচারনা,জেলেদের মাঝে প্রণোদনা ও পুরস্কার বিতরণ ও ভ্রাম্যমান আদালত পরিচালনা ইত্যাদি।