খুলনার পাইকগাছায় রাড়ুলীর কাটিপাড়ায় বৃহস্পতিবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ভূক্তভোগী পরিবারের লোকেরা জানায়, কাটিপাড়া গ্রামের সৃত্যু হরিপদ দাসের ছেলে কুমার দাশের (৬৫) বাড়ির পিছনের জানালার লোহার রড ভেঙে ডাকাত দল ঘরের ভিতরে প্রবেশ করে। ঘরে থাকা কুমার দাশ, স্ত্রী ও পুত্র নয়ন (১৪) কে রশি দিয়ে বেঁধে হত্যার হুমকি দিয়ে ঘরে থাকা মালামাল লুঠ করে। তাদের বাড়িতে থাকা তিনটি মোবাইল এবং স্ত্রীর কাছে থাকা স্বর্ণের দুল ও নগত পাঁচ হাজার টাকা নিয়ে নেয় ডাকাতরা। এ ছাড়া প্রতিবেশি সুধীর দাসের ছেলে অমিত দাশ (৬৪) বাড়িতে গত দুই বছর পূর্বে ডাকাতির ঘটনা ঘটেছিল। এ কারণে জিনিসপত্র নিরাপদে রাখার জন্য কুমারের বাড়িতে রাখে। ডাকাতরা ব্যবসায়িক মালামাল শাড়ী, পিতল, কাঁশার থালা বাসন, ও রুপার তৈরী অলংকার ও বাড়ির দ্বিতলায় রাখা বাক্স ভেঙে নিয়ে যায়। যার মূল্য দেড় লক্ষাধিক টাকা হবে বলে জানান। এ ঘটনায় কুমার দাশ মৌখিক ভাবে রাড়ুলী পুলিশ ক্যাম্পেকে জানিয়েছে। পাইকগাছা থানা ওসি (তদন্ত) স্বপন কুমার রায় জানান, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কাটিপাড়ায় একটি চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। ঐ এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী জানান, গভীর বাগানের মধ্যে বাড়ি হওয়ার কারণে কাটিপাড়ার মানুষ সবসময় ভীতিকর অবস্থায় জীবন যাপন করতে হয় ডাকাতের ভয়ে। রীতিমতো হিমশিম খেতে। ডাকাত থেকে বাঁচতে প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেছে ভূক্তভোগীরা।