খুলনার পাইকগাছায় গদাইপুর খেলার মাঠটি কয়েক বছর সংস্কার না করায় বেহাল দশা হয়েছে। মাঠের বিভিন্ন স্থানে প্রায় শতাধিক ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে গর্তগুলো ভরে গেলে দেখলে মনে হবে ছোট ডোবা। আবার পনি শুকালে মনে হবে চাষকৃত কোনো ফসলের ক্ষেত। সম্প্রতি মাঠের উত্তর পাশের গোল পোষ্টটি ভেঙ্গে পড়েছে। সবকিছু মিলিয়ে মাঠে সব ধরনের খেলাধুলার পরিবেশ নষ্ট হয়েছে। বর্তমান সময়ে প্রতিদিনই সকাল-বিকাল মাঠে ঝুঁকি নিয়ে ফুটবল খেলা চলছে। কোনো কোনো সময় সারাদিনই মাঠে খেলা চলে। দুটি দলের খেলার শেষ হওয়ার অপেক্ষায় আরও দুটি দল বসে থাকে। এ ভাবে সারাদিন ধরে মাঠে যুবকদের খেলা চলে। দিনের অধিকাংশ সময় খেলাধুলা চলে। তাছাড়াও মাঠে ফুটবল খেলা টুনামেন্টও অনুষ্ঠিত হয়। সবকিছু নিয়ে গদাইপুর খেলার মাঠ এখন সরগম। স্থানীয় ও বাহিরের দর্শকরা ফুটবল খেলা দেখতে মাঠে ভিড় জমায়। তবে মাঠের খেলার পরিবেশ নষ্ট হওয়ায় খেলোয়াররা ঝুঁকি নিয়ে খেলা করছে। মাঠে সৃষ্ট ছোট-বড় গর্তে পড়ে গিয়ে ঝিল-পাথরে কেঁটে অনেকে আহত হচ্ছে। তাছাড়া উত্তর পাশের গোল পোষ্ট না থাকায় বাঁশ ও রশি দিয়ে গোল পোষ্ট তৈরী করা হয়েছে। খেলোয়ার হাসিবুর, মারুফ, রিয়াজ ও কামরুল জানান, দীর্ঘদিন মাঠটি সংস্কার না করায় খেলার পরিবেশ নষ্ট হয়ে গেছে। অনেক সময় পড়ে গিয়ে ছোট খাটো দুর্ঘটনা ঘটছে। গদাইপুর ফুটবল খেলার মাঠটি দক্ষিণাঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসাবে পরিচিত। এ মাঠে ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ বিভিন্ন প্রকার খেলা অনুষ্ঠিত হয়। তাছাড়া প্রতি বছর চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। যাহা দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী মেলা হিসাবে পরিচিতি লাভ করেছে। অতিসত্ত্বর সংস্কার করে খেলার পরিবেশ ফিরিয়ে আনার জন্য বর্তমান ও প্রাক্তন খেলোয়াররা এবং ক্রীড়ামদি এলাকার বিশিষ্টজনরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।