সম্প্রতি মুক্তি পাওয়া ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মের একাধিক অভিনেতা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে গুলশান এভিনিউতে একটি গাড়িতে করে ফিরছিলেন তারা, এ সময় গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এতে করে গাড়িটির সামনের অংশের বৈদ্যুতিক খুঁটির অনেকটা ভেতরে ঢুকে যায়। এতে মারাত্মক আহত হন চিত্রনায়ক শরিফুল রাজ, নাজিফা তুষি ও খায়রুল বাসার। আহতদের তখনই রাজধানীর গুলশান এলাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। চিত্রনায়ক শরিফুল রাজ, নাজিফা তুষি ও খায়রুল বাসার বর্তমানে সাধারণ কেবিনে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া জুনায়েদ বোগদাদী ও নাফিজ মোহাম্মদ ইসমাইল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে গুলশান এভিনিউতে ঢাকা মেট্রো গ ১৩-৩০০০ নম্বরের একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারায়। গাড়িটিতে চালকসহ পাঁচজন ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোরে ঢাকা মেট্রো গ ১৩-৩০০০ নম্বরের একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশের বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এই গাড়িতে ছিলেন ওই তারকারা। গুলশান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িতে থাকা পাঁচজনকে উদ্ধার করে গুলশানের ইউনাইটেড হসপিটালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুইজন আইসিইউতে রয়েছেন।