কাবুল বিমানবন্দরের বাইরে জোড়া বিস্ফোরণে তালেবানের কোনও সদস্য হতাহত হয়নি বলে জানিয়েছে গ্রুপটি। বিবিসি পশতু সার্ভিসকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেন, তালেবানের কেউ হতাহত হয়নি। খবর বিবিসির। মুজাহিদ বলেন, আমাদের (তালেবান) কেউ হতাহত হয়নি। যে স্থানে এই ঘটনা ঘটেছে সেই জায়গার নিয়ন্ত্রণে রয়েছে মার্কিন বাহিনী। অথচ রয়টার্সের এক রিপোর্টে তালেবানের এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছিল, ওই জোড়া হামলায় তাদের ২৮ জন নিহত হয়েছে। কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বৃহস্পতিবারের ওই জোড়া বিস্ফোরণে অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৩ জন মার্কিন সেনাও রয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ওই হামলার ঘটনায় আরও অন্তত ১৫০ জন আহত হয়। পরে এই হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এক বিবৃতিতে তারা জানায়, তাদের একজন আত্মঘাতী বোমা হামলাকারী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে থাকা অনুবাদক এবং সহযোগীদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটিয়েছে। এদিকে কাবুলে ইসলামিক স্টেট আরও হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন মার্কিন কমান্ডাররা। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি বলেছেন, তারা রকেট বা বোমাবোঝাই গাড়ি দিয়ে কাবুল বিমানবন্দরে হামলা চালাতে পারে। জেনারেল ম্যাকেঞ্জি বলেন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী সব কিছু করছি। তবে হামলার পর উদ্ধার অভিযানের গতি আরও বাড়িয়েছে মার্কিন বাহিনী। আগামী ৩১ আগস্টের মধ্যেই উদ্ধার অভিযান শেষ করতে চায় তারা। কারণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়াননি। বৃহস্পতিবারও সেই কথা জানিয়েছেন তিনি। বাইডেন বলেন, হামলার পরও উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। এ সময় তিনি হামলাকারী খুঁজে বের করে জবাব দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন। এমনকি ইসলামিক স্টেটের (আইএস) আঞ্চলিক শাখা আইসিস-কে, যারা এই হামলা চালিয়েছে, তাদের ওপর হামলার পরিকল্পনা করতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন বাইডেন।