রংপুর মিঠাপুকুরের ঘাঘট নদীতে মাছ ধরতে নেমে লাদেন মিয়া (২০) নামে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (২৭ আগস্ট) সকাল পৌনে এগারোটার দিকে উপজেলার ভাংনি ইউনিয়নের ফতেহপুরের ঘাঘট নদীর শাখা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
লাদেন মিয়া ওই এলাকার হাকিম মিয়ার ছেলে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আটটার দিকে ঘাঘটের শাখা নদীতে মাছ ধরতে জাল ফেলতে গিয়ে নিখোঁজ হন লাদেন মিয়া। পরিবারের লোকজন ও এলাকাবাসী খোজাখুজি করেও না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। দশটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পৌনে এগারোটার দিকে পানির নিচ থেকে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মশিউর রহমান বলেন, নদীতে নেমে যুবকের নিখোঁজের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। দুইজন ডুবুরির সহায়তায় খোঁজাখুঁজির পর মরদেহ উদ্ধার করা হয়েছে।