এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের উপর হামলাসহ একাধিক মাদক মামলার আসামি ইয়াবা সম্রাট আবদুল কাদেরকে (৩০) গ্রেফতার করেছে পাবনার সুজানগর থানা পুলিশ। বুধবার সন্ধ্যা রাতে উপজেলার উলাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঐ গ্রামের মৃত-সিদ্দিকুর রহমানের ছেলে।
থানার কর্মকর্তা ইনচার্জ মিজানুর রহমান জানান, ওই কাদের এলাকায় ইয়াবা সম্রাট হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে থানায় ঐ গ্রামের এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের উপর হামলাসহ একাধিক মাদক আইনে মামলা রয়েছে। বেশ কিছুদিন গা-ঢাকা দিয়ে থাকার পর ঐদিন সন্ধ্যা ৭টার দিকে সে উলাট বাজারে আসে। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই দীপু মন্ডল ও বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানার ইন্সপেক্টর (তদন্ত) আবদুল কদ্দুস জানান।