রংপুর মহানগরীর পরিস্কার-পরিচ্ছন্নতা কার্য্যক্রমে সহায়ক হিসেবে রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এপিসি’র পক্ষ থেকে পায়ে চালিত ১৪টি ময়লা বহনকারী ভ্যান হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা’র নিকট এসব ভ্যান হস্তান্তর করা হয়।
“নির্ধারিত স্থানে আবর্জনা ফেলে শহরকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখুন” এ শ্লোগানকে সামনে রেখে এসব ভ্যান সিটি করপোরেশন এলাকা পরিচ্ছন্ন রাখতে এসব ভ্যান প্রদান করা হয়।
মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুর সিটি করপোরেশন এলাকা পরিচ্ছন্ন রাখতে এসব ভ্যান খুবই প্রয়োজনীয়। সংশ্লিষ্ট জনবল এসব ভ্যান ব্যবহার করে সিটি এলাকার ময়লা পরিবহন করে নির্দিষ্ট স্থানে ফেলবে। এ সময় তিনি ওয়ার্ল্ড ভিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এপিসি’র ম্যানেজার অনুকূল চন্দ্রো বর্মন, এপিসি ফাইন্যান্স কর্মকর্তা সুবাস হালদার, প্রোগ্রাম কর্মকর্তা লিন্ডা ডোফো, ইঞ্জিনিয়ার ফ্যাসিলিটেটর ফরিদুল ইসলাম, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম ফুলূ, রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ১নং জোন ব্যবস্থপক মিজানুর রহমান, ২নং জোন ব্যবস্থাপক হাসান রাহি ও ৩নং জোন ব্যবস্থাপক শাহিনুর রহমানসহ কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।