করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পেসার আবু জায়েদ রাহী। এমন পরিস্থিতিতে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজটি স্থগিত করা হয়েছে। সিরিজের আগে সব ক্রিকেটারের দুই দফা করোনা পরীক্ষা করানো হয়েছে। এই পরীক্ষাতেই করোনা পজিটিভ হন রাহী। এ ছাড়া ‘এ’ দলের নাঈম হাসান এবং নাজমুল হোসেনের প্রথম দফার পরীক্ষার ফলাফল পজিটিভ আসলেও দ্বিতীয় দফায় এসেছে নেগেটিভ। মঙ্গলবার রাহীর দ্বিতীয় করোনা টেস্টে পজিটিভ আসার পর সিরিজ পেছানোর সিদ্ধান্ত নেয় বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ। ৭ সপ্তাহের ক্যাম্পে বর্তমানে চট্টগ্রামে রয়েছে বাংলাদেশের এইচপি ইউনিট। সেখানে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং চার দিনের ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু রাহীর করোনা আক্রান্তের পর সিরিজটি যথা সময়ে শুরু হচ্ছে না। তবে কবে শুরু হবে- এ ব্যাপারে ক্রিকেট অপারেশন্স এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। বিসিবি সূত্রে জানা গেছে, সিরিজটি স্থগিত হলেও আগামী এক সপ্তাহের মধ্যে নতুন সূচির মাধ্যমে সিরিজ আয়োজন সিদ্ধান্ত আসতে পারে।