পাবনার চাটমোহরে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম চলছে পুরোদমে। সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা টিকা প্রদান করছেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অসংখ্য নারী-পুরুষ টিকা গ্রহণ করছেন। চলছে ঠেলাঠেলিও। কে আগে যাবে,কে আগে পাবে। ন্যূনতম দূরত্ব নেই কারো মাঝে। স্বাস্থ্যবিধির বালাই নেই খোদ স্বাস্থ্য কমপ্লেক্সেই।”
পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার সকালে এমন দৃশ্যই দেখা গেল। করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নিতে অসংখ্য মানুষ ভিড় করছেন। এখানে স্বাস্থ্যবিধি কেউই মানছেন না। সকাল থেকে দুপুর পর্যন্ত ঠাসাঠাসি করে নারী-পুরুষ পৃথক দুটি বুথে দাঁড়িয়ে টিকার জন্য অপেক্ষা করেন। অনেকের মুখে আবার মাস্কও নেই। স্বাস্থ্যবিধির বালাই নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই করোনা সংক্রমণের আশঙ্কা করছেন অনেকে। করোনাভাইরাস টিকা পেতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন নারী-পুরুষ। স্বাস্থ্যকর্মীরা টিকা দিতে হিমশিম খাচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন দেওয়া হচ্ছে ১ম ও দ্বিতীয় ডোজের টিকা। টিকা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৭টার আগেই টিকা নিতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন মানুষ। টিকা গ্রহীতাদের কারণে হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিতে আসা রোগিদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ওমর ফারুক বুলবুল জানান,আমরা নানাভাবে স্বাস্থ্যবিধি মানাতে চেষ্টা করছি। প্রচার-প্রচারনা অব্যাহত রয়েছে। তারপরও মানুষের ভিড় বাড়ছে। আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। টিকা গ্রহীতাদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছি।